জুলাই ২৭, ২০২৬, ১২:৩০ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা- কর্মচারীরা। সোমবার সকালে উপজেলার চায়না রোড এলাকায় অবস্থান নিয়ে তাঁরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।
একই সময়ে ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন ও পুনর্বাসনের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।কর্মসংস্থান প্রকল্প উদ্বোধনের দিনেই এই দাবি তুললেন বিক্ষুব্ধরা।আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিগত দিনে কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই বিপুলসংখ্যক কর্মকর্তাকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সাথে একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রতিষ্ঠানটির সার্বিক নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের পছন্দমতো লোকবল নিয়োগ দিচ্ছে বলে দাবি করা হয়। চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ দিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জানিয়ে অবিলম্বে স্বপদে পুনর্বাসনের আকুল আবেদন জানান কর্মীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সেখানে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে ওই এলাকার নিরাপত্তা জোরদার করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন