জুলাই ৩০, ২০২৬, ০২:০৫ পিএম
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও প্রচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সনাতনী সমাজ। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।দেবীগঞ্জ ও ডোমার উপজেলার সংযোগস্থলে ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হননের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে প্রতিমন্ত্রীর বাস্তব চেহারার কোনো মিল নেই। ভিডিওটিতে মাথা ও শরীরের অংশ আলাদা করে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিমন্ত্রী মহোদয় তার দাপ্তরিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন এবং এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা সংস্থার প্রতি জোর দাবি জানান বক্তারা।
প্রতীকী এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায় এবং দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়।দেবীগঞ্জ উপজেলায় এই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন