আগস্ট ১, ২০২৬, ১১:৩৭ পিএম
পঞ্চগড়ের বিভিন্ন হাউজে কর্মরত নারী উদ্যোক্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও তাদের নানামুখী সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পড়াশোনার পাশাপাশি নারীরা বুটিক, সেলাই ও হাতের কাজসহ বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলছেন। তাদের এই উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নির্দিষ্ট স্থানে পণ্য প্রদর্শনী ও প্রচারের ব্যবস্থা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঋণ সহায়তা এবং হস্তশিল্প প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া পর্যটকদের আকর্ষণের জন্য পঞ্চগড়ে মানসম্মত রিসোর্ট তৈরির পরিকল্পনাও তুলে ধরেন তিনি।এর আগে নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, স্বল্প পুঁজিতে কাজ শুরু করলেও সঠিক বাজারব্যবস্থা ও বিপণন সুবিধার অভাবে তারা উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। পাশাপাশি পরিবার ও ব্যাংক থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা না পাওয়ার কারণে ব্যবসা সম্প্রসারণে বাধা সৃষ্টি হচ্ছে। প্রশাসন ও ব্যাংক খাতের সহযোগিতা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঐক্যবদ্ধ নারী উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে আফরোজা রূবাদ সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন।সভায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার কাজী ইমতিয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন