আগস্ট ৩, ২০২৬, ১১:২৮ এএম
পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. রোকনুজ্জামান। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইউনুস আলী খান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ, জুলাই যোদ্ধা মো. নাঈম উদ্দীন রাব্বুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়েছে। এসব কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে।গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন