আগস্ট ৪, ২০২৬, ১০:৫৩ এএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ভয়াবহ লিকেজের ঘটনা ঘটেছে। গত প্রায় ৪৫ দিন ধরে উচ্চচাপের এই পাইপলাইন থেকে গ্যাস নির্গত হওয়ায় নদের পানির ওপর সারাক্ষণ বুদবুদ দেখা যাচ্ছে এবং বাতাসে ছড়াচ্ছে তীব্র গ্যাসের গন্ধ। এতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।মেরামত কাজ চললেও এখনো গ্যাস নির্গমন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
জানা যায়, প্রায় তিন দশক আগে নরসিংদী থেকে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহের জন্য নদের তলদেশ দিয়ে এই সঞ্চালন পাইপলাইনটি স্থাপন করা হয়েছিল। মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে পাইপলাইনের একটি জয়েন্টে ছিদ্র সৃষ্টি হলে সম্প্রতি বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, গত জুনের শুরুতে নদীতীরে অবৈধভাবে স্থাপিত একটি চুন তৈরির কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার সময়ই পাইপলাইনটির ক্ষতি করা হয়েছে। অভিযোগ ওঠার পরই কারখানাটি বন্ধ করে এর মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই চুন কারখানাটি সুনামগঞ্জের ছাতক উপজেলার দেলোয়ার হোসেন তালুকদার নামের এক ব্যক্তির। গত ৯ জুলাই থেকে তিতাস গ্যাসের প্রায় ২৫ জন কর্মী ঘটনাস্থলে মেরামত কাজ শুরু করেছেন। কিন্তু বর্ষাকালে নদীর প্রবল স্রোত ও পানির চাপের কারণে কাজটি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগের অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।বর্তমানে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রেখে লিকেজ মেরামতের কাজ চলছে। স্থানীয় প্রশাসন কারখানাটির বৈধ কাগজপত্র যাচাই এবং পুরো ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন