আগস্ট ৪, ২০২৬, ০১:৩৭ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব ও আক্রমণের ঘটনা হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত পঞ্চাশজনের বেশি মানুষ আহত হয়েছেন। এতে পুরো উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে।
নিজেদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়রা এখন লাঠিসোঁটা হাতে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন।আওনা ইউনিয়নের ধনচারচর, পৌরসভার চক হাটবাড়ি ও সৈয়দপুরসহ কামরাবাদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মারাত্মকভাবে জখম হয়েছেন। রাস্তাঘাট, হাটবাজার বা বাড়ির আঙিনা—যেখানেই মানুষ পাওয়া যাচ্ছে, সেখানেই বেওয়ারিশ কুকুর হামলে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, কুকুরের কামড়ে আহত হওয়ার পর হাসপাতালে সময়মতো জলাতঙ্কের টিকা মিলছে না। ফলে চিকিৎসা নিয়ে এসব এলাকার বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী টিকার সংকটের কথা অস্বীকার করেছেন।
তিনি জানান, গত কয়েক দিনে অর্ধশতাধিক মানুষকে জলাতঙ্ক ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাসপাতালে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। এদিকে পৌর প্রশাসক লিজা রিছিল জানিয়েছেন, আতঙ্ক কাটাতে খুব দ্রুত কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন