আগস্ট ১৩, ২০২৬, ০৩:২৯ পিএম
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও লোকাল জিপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল জিপ গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় জিপ গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আঘাত পান।খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মো. জসিম উদ্দিন, মো. রফিক, মো. শাহেদ ও জিয়াবুল হক। তারা সবাই চকরিয়া ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক জানান, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন