সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৩:১৬ পিএম

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

চাঁদপুরের কচুয়া পৌরসভায় সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক নারী শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত শিক্ষার্থী নাদিয়া আক্তার পাশের চান্দিনা উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী তার মা ও ছোট বোনের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতেন। তার মা স্থানীয় একটি ডায়াগনস্টিক হাসপাতালে আয়া হিসেবে চাকরি করে সংসার পরিচালনা করতেন। সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে সে তিনটি বিষয়ে পাস করতে পারেনি। তবে পরিবারের দাবি, ফেল করার পর মা তাকে কোনো ধরনের বকাঝকা বা তিরস্কার করেননি। ঘটনার আগে সে তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিল বলেও জানা গেছে।

পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।