রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৯

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৯

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাংক থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার ভোরে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে হাউসকিপিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজের সময় হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হলে সেখানে থাকা প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এই প্রাণহানির সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়ার্ডটিতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।গ্যাস নির্গমন নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।