বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ১০:৪৪ পিএম

মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে নিজ মাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আনোয়ারা বেগম নামের আটান্ন বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও পারিবারিক অস্থিতিশীলতায় ভুগছিলেন মামুন। এর আগে মানসিক চিকিৎসালয়েও তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। 

তার পূর্বেকার দুটি দাম্পত্য বিচ্ছেদের জন্য তিনি তার মা আনোয়ারা বেগমকে দায়ী করতেন বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন। এ নিয়ে ইতিপূর্বেও মা-ছেলের মধ্যে একাধিকবার ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটেছিল। ঘটনার দিন বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে মায়ের গলায় আঘাত করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিনি বটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করে। অভিযুক্তকে আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।