বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৪০ হাজার মানুষের জন্য বিশাল পাতিলে ৩৬ মণ চালে তবারক রান্না

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ১০:৫২ পিএম

৪০ হাজার মানুষের জন্য বিশাল পাতিলে ৩৬ মণ চালে তবারক রান্না

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ব্যতিক্রমী এক আয়োজনে প্রায় চল্লিশ হাজার ভক্ত ও আশেকানের জন্য একসঙ্গে বিশাল এক পাতিলে তবারক রান্নার ঘটনা ঘটেছে। জাবরা ইমামবাড়ি দরবার শরিফের শততম ওরস মাহফিল উপলক্ষে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞ দেখতে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমান।বৃহস্পতিবার উপজেলার ওই দরবার শরিফে এই তবারক রান্না সম্পন্ন হয়।

দরবারের দায়িত্বপ্রাপ্ত পীর সাহেব মাওলানা আবুল কালাম আল চিশতি জানান, প্রায় নয় বছর আগে এক রাতে স্বপ্নের মাধ্যমে তার মনে এই বিশাল পাতিলে তবারক রান্নার পরিকল্পনা আসে। পরবর্তীতে ভারতের আজমীর শরিফের খাদেমের অনুমতি নিয়ে স্টেইনলেস স্টিল দিয়ে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে পাতিলটি তৈরি করা হয়।

প্রধান বাবুর্চি সাইফুল ইসলামের নেতৃত্বে ত্রিশ জন বাবুর্চির একটি দল দীর্ঘ সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় এই রান্না সম্পন্ন করেন। রান্নার সুবিধার জন্য প্রায় বারো হাজার ইট দিয়ে একটি বিশেষ চুলা নির্মাণ করা হয়েছে এবং পাতিলের মাঝখানে চাল-ডাল মেশানোর জন্য মোটর চালিত বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের ওরসে তবারক রান্নার জন্য ছত্রিশ মণ চাল, বিশ মণ সবজি, ছয় মণ ডাল, আট মণ ঘি এবং প্রয়োজনীয় মসলা ও লবণ ব্যবহার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা রোগমুক্তি ও মনের আশা পূরণের উদ্দেশ্যে এই তবারক গ্রহণ করেন। দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে পুরো দরবার শরিফ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।