শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

শিক্ষার্থীদের নৈতিকতায় গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ১১:০৪ এএম

শিক্ষার্থীদের নৈতিকতায় গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কেবল ভালো ফল ও সনদ অর্জনের বৃত্তে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে খাঁটি মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের গিলন্ডে অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়, বরং একজন দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মেধা, মানবিক মূল্যবোধ ও দক্ষতাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি বিবেক, চিন্তাশক্তি ও দায়িত্ববোধের সমন্বয় ঘটানো প্রয়োজন।

তিনি জোর দিয়ে বলেন, সনদের বাইরে গিয়ে মানুষের চিন্তাভাবনা সমৃদ্ধ করাই শিক্ষার আসল শক্তি।

আধুনিক বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে স্থান করে নিতে প্রাতিষ্ঠানিক পাঠের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। শিক্ষার্থীদের বড় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তা অর্জন করার তাগিদ দেন তিনি। ব্যক্তিগত সফলতার সীমানা পেরিয়ে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখার মানসিকতা লালন করার ওপর গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী।

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খাইরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী রহমত আরা লস্করার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহসভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনসারী, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।

কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত এই নবীনবরণ উৎসবে নাচ, গান, ফ্যাশন শো ও আলোচনা সভার মধ্য দিয়ে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।