আগস্ট ২৮, ২০২৬, ১১:৩৯ এএম
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের দেওয়া প্রাথমিক বিবৃতির সঙ্গে সংগৃহীত তথ্যের নানা অসংগতি খুঁজে পেয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। হত্যাকাণ্ডের সময়রেখা, ফরেনসিক আলামত এবং পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জোর দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত আসকের প্রাথমিক তথ্যানুসন্ধান প্রতিবেদনে এই চাঞ্চল্যকর পর্যবেক্ষণগুলো তুলে ধরা হয়।এর আগে সংস্থাটির একটি প্রতিনিধিদল রংপুরে সরেজমিন তদন্ত চালিয়ে নিহতদের স্বজন, প্রতিবেশী, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। আসকের প্রতিবেদনে ঘটনার সময়রেখা নিয়ে বড় ধরনের একটি প্রশ্ন সামনে আনা হয়েছে।
নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোনের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে রাত আড়াইটায় প্রীতিলতার মুঠোফোন থেকে একটি কল এসেছিল, যা তিনি ধরতে পারেননি। অথচ পুলিশের দাবি অনুযায়ী, শেষ রাতের দিকে আসামিরা ছাদে মাদক সেবনের সময় শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডার পর ভোরে হত্যাকাণ্ডগুলো ঘটে। আসক মনে করছে, রাত আটার এই রহস্যজনক ফোনকলের ভৌগোলিক অবস্থান এবং সিডিআর যাচাই করা অত্যন্ত জরুরি।
পাশাপাশি, আসামিরা দীর্ঘ সময় বাসায় অবস্থান করে খাবার খেয়েছিল বলে পুলিশের দাবির সত্যতা প্রমাণে স্বাধীন ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার রহস্য এবং ময়নাতদন্তের রাসায়নিক প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে আসক বলেছে, সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সংশয় দূর করতে নিরপেক্ষ তদন্ত আবশ্যক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন