আগস্ট ২৯, ২০২৬, ০৮:৫৭ পিএম
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে অচেতন অবস্থায় থাকা তরুণীর পরিচয় পাওয়া গেছে। সাহেনা বেগম সুমী নামের ওই তরুণী পেশায় একজন বাউলশিল্পী এবং তিনি বউবাজার এলাকায় বড় বোনের বাসায় থেকে বিভিন্ন স্থানে গান পরিবেশন করতেন।পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে তিনি নিজেই মদ পান করেছিলেন।
শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের মুখোমুখি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি নিজে এই তথ্য স্বীকার করেন। পুলিশ ও তরুণীর ভাষ্যমতে, পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে তিনি বাসা থেকে বের হয়ে উত্তরার একটি বারে গিয়ে মদ পান করেন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে পরিচিত দুই ব্যক্তি তাকে উদ্ধার করে মিরপুরে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পুলিশ তরুণীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে এবং তার শারীরিক ও মানসিক পরিস্থিতি স্বাভাবিক পাওয়ায় তাকে বড় বোনের জিম্মায় ছেড়ে দেয়। তবে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে।
তরুণীর দাবি, তার সাবেক স্বামী তাকে বিপদে ফেলতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা তার মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন