সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:১৭ পিএম
রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর এক তরুণীর মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা ৩১ বছর বয়সী ওই তরুণী রোববার ভোরে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার বিকেলে তাঁর শরীরে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়ার পর স্থানীয় মহলে তোলপাড় সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায় যে পুরুষে রূপান্তরিত হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকের পরামর্শে হরমোন গ্রহণ করছিলেন। পরবর্তীতে পরিবারের আর্থিক সহায়তায় গত তিন সেপ্টেম্বর তাঁকে ঢাকার ওই ক্লিনিকে নতুন নামে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সম্মতিপত্রে এক নারী বন্ধু নিজেকে তাঁর স্ত্রী পরিচয় দিয়ে স্বাক্ষর করেছিলেন। তবে নিহতের বাবা জানান যে নাম পরিবর্তন বা সেই বান্ধবীর স্বাক্ষরে এমন জটিল অস্ত্রোপচার হওয়ার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না।
হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে ওই তরুণীকে পুরুষ হিসেবে উল্লেখ করে নতুন নামে নথিভুক্ত করা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবস্থাপকের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তাঁরা দায় এড়িয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযুক্ত চিকিৎসক মাহমুদুল হাসানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরবর্তীতে আর সাড়া দেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন