সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৩৩ পিএম
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, লুণ্ঠিত গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ৩০ আগস্ট গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় ওই গোলাগুলিতে এক নারীসহ তিনজন সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়েছিলেন।
আহতদের মধ্যে দুজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং ভুক্তভোগীরা আশঙ্কামুক্ত রয়েছেন। র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ছায়াতদন্ত শুরু করে যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক থেকে মোহাম্মদ জিসান ও মোহাম্মদ রমজান নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী ধাপে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন নামে আরেকজনকে হেফাজতে নেওয়া হয়। সর্বশেষ ৯ সেপ্টেম্বর শাবাব হোসেন শৈকত এবং মোহাম্মাদ মাহিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শৈকতের কাছ থেকে বারো রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর পাশাপাশি তিন লাখ টাকার বেশি মূল্যের চার শত বিশটি ইয়াবা, চার শত পুরিয়া হেরোইন এবং নয় শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি যাত্রাবাড়ী থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
উদ্ধারকৃত গোলাবারুদ ও একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের লুণ্ঠিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন