বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

র‍্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদল চাইনি: সংসদে ডা. শফিকুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৭:১৮ পিএম

র‍্যাব বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদল চাইনি: সংসদে ডা. শফিকুর

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বিশেষায়িত বাহিনী গঠন সাধারণ জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল ২০২৬ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। একই সাথে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিতর্কিত এই আইন পাসের উদ্যোগ স্থগিত করে সংসদ থেকে বিলটি অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানান তিনি। বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্ট করেন যে এই আইনটি কোনো অবস্থাতেই পাস করা সংগত নয়।

অধিবেশনে কার্যপ্রণালি-বিধির আইন প্রণয়নসংক্রান্ত কার্যাবলির আওতায় স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য উত্থাপন করা হলে বিরোধীদলীয় নেতা তাঁর মূল্যায়ন তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি স্মরণ করিয়ে দেন যে আগের দিনই বিরোধী দলের পক্ষ থেকে এই বিলের বিভিন্ন ধারার ওপর সাতটি লিখিত আপত্তি জানানো হয়েছিল।

বিরোধীদলীয় নেতা বলেন, এই বিলটি জাতীয় জীবনের সাধারণ দশটি বিলের মতো নয়, এটি সম্পূর্ণ সংবেদনশীল ও ভিন্নমাত্রার একটি প্রস্তাবনা। প্রতিষ্ঠার পর থেকে বিশেষায়িত এই বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা জাতির জন্য কখনোই সুখকর ছিল না। অতীতে কিছু ইতিবাচক সাফল্য থাকলেও মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের কারণে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদের ভেতরেই এমন বহু সদস্য রয়েছেন যারা সরাসরি এই বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তিনি নিজেও সেই ভুক্তভোগীদের একজন।

সংসদে উপস্থিত সহকর্মীদের জীবনের করুণ অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দীর্ঘ আট বছর গুমের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থাকার পর ফিরে এসে আজ সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। একইভাবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামী একজন খ্যাতনামা মানবিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তাঁকে গভীর রাতে শয়নকক্ষ থেকে তুলে নিয়ে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল। পরিবারের সদস্যদের চোখের সামনে সংঘটিত সেই নির্মম ঘটনা সমগ্র জাতির হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। তিনি প্রশ্ন তোলেন, যাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে আজকের গণতান্ত্রিক উত্তরণ, তাদের অনুভূতিকে অবজ্ঞা করে কীভাবে পুরোনো কাঠামোকে রক্ষা করা হচ্ছে।

বিল পাসের প্রক্রিয়া চলাকালেই পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রীকে গভীর রাতে বাসা থেকে বিনা পরোয়ানায় তুলে নেওয়ার সাম্প্রতিক চেষ্টার কথা সংসদে তুলে ধরেন তিনি। তিনি জানান, স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে হয়তো আরেকটি গুমের ঘটনা ঘটত। এই ঘটনাই প্রমাণ করে যে সংশ্লিষ্ট বাহিনীর মানসিকতায় ন্যূনতম কোনো পরিবর্তন আসেনি। স্থাপনা, লজিস্টিক ও জনবল হুবহু বহাল রেখে শুধু নাম পরিবর্তন করলে জনগণের সঙ্গে কোনো সততা বজায় থাকে না।

বিরোধীদলীয় নেতা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি সরকারের আমলে এই বাহিনীর যাত্রা শুরু হলেও পরবর্তীতে এই দলের নেতারাই সবচেয়ে বেশি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন কিংবা বিরোধী দলগুলোর দাবি ছিল বাহিনীর নিঃশর্ত বিলুপ্তি, নতুন নামে পুনর্বাসন নয়। তিনি উল্লেখ করেন, বিলটিতে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হলেও নিজের অপরাধের তদন্ত নিজেদের কর্মকর্তা দিয়ে করানোর মতো মৌলিক ত্রুটি এখনো বিদ্যমান। তাই বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জন এবং কলঙ্কমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এই অধিবেশনেই আইনটি প্রত্যাহার করে অংশীজনদের সঙ্গে বিশদ আলোচনার আহ্বান জানান তিনি।