সেপ্টেম্বর ১০, ২০২৬, ০১:০২ পিএম
বগুড়ার বিভিন্ন থানা এলাকায় সাধারণ ডায়েরিভুক্ত হওয়া ৮০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ কারিগরি সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে সেবাগ্রহীতারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হলে তা উদ্ধারে নিয়মিত কাজ শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।
তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার আধুনিকীকরণের ফলে হারানো ডিভাইস উদ্ধার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের হারানো মালামাল ফিরিয়ে দিতে এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে সাইবার সেলের এই বিশেষ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন