সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:১০ পিএম
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবার পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে সেতু দিয়ে পারাপার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হ্রদের পানি হ্রাস না পাওয়া পর্যন্ত সেতুতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতু পারাপার স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে পানি নেমে গেলে সেতুটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। চেঙ্গী, মাইনী, কাচালং নদী এবং ভারতের মিজোরাম রাজ্য থেকে নেমে আসা কর্ণফুলীর জলপ্রবাহ কাপ্তাই হ্রদে যুক্ত হওয়ায় পানির চাপ ক্রমাগত বাড়ছে।
হ্রদে অতিরিক্ত পানি জমার কারণে পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় বাঁধের স্পিলওয়ে খোলা হলো। শুক্রবার সকালে হ্রদের পানির স্তর ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএলে পৌঁছানোর পর জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর এই কপাটগুলো বন্ধ করা হয়েছিল।
তথ্যসূত্র: বাসস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন