সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৪:৫৪ পিএম
ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য আমজাদ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মেঘনা নদী থেকে মরদেহটি তীরে আনা হয়। নদীতে নিখোঁজ হওয়ার পর টানা তিন দিন সন্ধান চলছিল।
নিহত আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। পেশাগত জীবনে তিনি বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় আমজাদ হোসেন পাঁচ বন্ধুর সাথে শিবপুরের গরিবের দুবাই নামে পরিচিত মেঘনা নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছিলেন। ওই সময় নদীর তীর রক্ষার কাজে ব্যবহৃত জিওব্যাগ হঠাৎ ধসে পড়লে তিনি তীব্র স্রোতে ভেসে যান। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল টানা তল্লাশি চালিয়ে আসছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন