সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:০৯ এএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের উখিয়া থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে মাইক্রোবাসে করে ফিরছিলেন বরযাত্রীরা। গাড়িটি কলেজবাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে মোড় বা ইউটার্ন নেয়। এতে দ্রুতগতির মাইক্রোবাসটি সরাসরি কাভার্ডভ্যানের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডের ব্যবসায়ী প্রতিষ্ঠান নূর জাহান প্লাজার মালিক ফেরদৌস আলম ফিরোজ, মাইক্রোবাসটির চালক মুন্না এবং মাইজপাড়া এলাকার বাসিন্দা মিফতা। ফেরদৌস আলম গোমাতলী এলাকার বাসিন্দা ছিলেন। নিহত অপর এক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপ-পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত পাঁচজনকে বর্তমানে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন