বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৪৫ এএম

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের পর পঞ্চগড় শহরের প্রধান সড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের অনুসারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অগ্রসর হয়ে এমআর কলেজ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থানরত পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন এবং পরস্পরের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সহিংসতায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

আহতরা হলেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাদের রংপুরে পাঠানো হয়।

এই সংঘাতের পটভূমি তৈরি হয়েছিল রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে। সেখানে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে মতবিনিময় সভা চলাকালে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হট্টগোলের সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই রাতে সশস্ত্র এই সংঘাত ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পঞ্চগড় সদর থানা ও জেলা পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ দিনাজপুর টিভি ডট কম-কে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে শহরের সার্বিক পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।