সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০২:২৯ পিএম
দেশের প্রান্তিক ও অনগ্রসর তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে একটি বিশেষ কমিউনিটি আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অবস্থিত ইএসডিওর শাখা কার্যালয়ে স্থানীয় যুবসমাজ ও অংশীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, স্থানীয় তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষানবিশি কর্মসূচিতে যুক্ত করা এবং প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি করাই ছিল এই সমাবেশের প্রধান লক্ষ্য।
বিশেষ করে বেকার ও নিম্নআয়ের যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডভিত্তিক আধুনিক কাজের প্রশিক্ষণ দিয়ে বাস্তব কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম করার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সাথে নারী ও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের এই দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মাঠপর্যায়ে সম্ভাবনাময় তরুণদের প্রাথমিকভাবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও এই কর্মসূচি থেকে শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রকল্পের মাঠপর্যায়ের সার্বিক অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোছাঃ সাম সুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার মোঃ সাজেদুর রহমান এবং হিসাবরক্ষক ও এমআইএস অফিসার মোছাঃ নূরজাহান আক্তার। এছাড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করতে উপস্থিত ছিলেন ইএসডিও রানীশংকৈল মাইক্রোফিন্যান্স জোন অফিসের জোনাল ম্যানেজার মোঃ আবু রায়হান এবং সংশ্লিষ্ট জোনের এরিয়া ম্যানেজার। স্থানীয় শাখাগুলোর মধ্যে রানীশংকৈল মাইক্রোফাইন্যান্স শাখার ব্যবস্থাপক মোঃ আবু এহতে শামুল হক ও বলিদ্বারা মাইক্রোফাইন্যান্স শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামানসহ অন্যান্য দায়িত্বশীল মাঠ কর্মকর্তারা সভায় অংশ নেন।
সমাপনী বক্তব্যে কর্মকর্তারা উল্লেখ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারের সাথে সংগতি রেখে চাহিদাভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমেই বেকারত্ব দূর করা সম্ভব। তরুণ সমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলে স্থায়ী আত্মকর্মসংস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য বলে দিনাজপুর টিভি ডট কম নিশ্চিত করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন