সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৭:৪৭ পিএম
জাতিসংঘের মূল প্রাতিষ্ঠানিক আদলে বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক দরকষাকষি, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন এবং ভোটাভুটিতে অংশ নিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক কূটনীতি, কার্যকর নেতৃত্ব এবং যুক্তিভিত্তিক চিন্তার সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করে তুলতে পঞ্চগড় পাইওনিয়ার্স দুই দিনব্যাপী মডেল ইউনাইটেড নেশনস বা ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকের ভূমিকায় সক্রিয়ভাবে অংশ নেন।
শুক্রবার বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে ব্যতিক্রমী এই শিক্ষামূলক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। সম্মেলনের প্রথম দিনেই সাধারণ পরিষদে শরণার্থী সংকট, আন্তর্জাতিক মানবাধিকার ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় সংক্রান্ত খসড়া প্রস্তাব ও যুক্তি-তর্কে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, মূল সম্মেলন শুরুর আগে অংশগ্রহণকারীদের উপযুক্তভাবে প্রস্তুত করে তুলতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় একাধিক অনলাইন ও অফলাইন কর্মশালার আয়োজন করা হয়। সেসব কর্মশালায় জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্কের গতিপ্রকৃতি, বৈশ্বিক কূটনীতি, বিতর্ক, জনসমক্ষে বক্তব্য উপস্থাপনা, সমালোচনামূলক চিন্তা এবং নেতৃত্ব বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়। পরবর্তীতে মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
পঞ্চগড়-এক আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় পাইওনিয়ার্সের পরিচালক ব্যারিস্টার নওশাদ জমির জানান, পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির বাস্তব অনুশীলনের সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করতে তারা কাজ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, বিশিষ্ট লেখক ও আইনজীবী ব্যারিস্টার নওফল জমির, এবং বিএনপি নেতা আদম সুফি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন