বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে হোটেল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:৩৩ পিএম

পঞ্চগড়ে হোটেল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী মির্জা নাজমুল ইসলাম কাজল।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামানের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার।

কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল এবং সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয় এই পূর্ণাঙ্গ নেতৃত্ব।

এর আগে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে কোনো পদেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। ফলে নির্বাচনী বিধিমালার আওতায় ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সব পদের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামান। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর জেলা পর্যায়ের হোটেল ও রেস্তোরাঁ কর্মীদের অধিকার এবং কল্যাণ সুরক্ষায় দায়িত্ব পালন করবে।