বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভাসানী সেতু থেকে তার চুরি, সুন্দরগঞ্জ থানায় মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৬:০৯ পিএম

ভাসানী সেতু থেকে তার চুরি, সুন্দরগঞ্জ থানায় মামলা

ছবি- সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে অবস্থিত মাওলানা ভাসানী তিস্তা সেতুর নবনির্মিত বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২২ আগস্ট) রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।

গত ২০ আগস্ট সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পান যে সংযোগ তার চুরি হয়ে গেছে। ফলে জেনারেটর দিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। ওই সন্ধ্যায় দর্শনার্থীরা সেতু দেখতে এসে বিড়ম্বনার শিকার হন, কারণ বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এই বিষয়টি কর্তৃপক্ষ প্রথমে গোপন রেখেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে মামলা করা হয়। মামলায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মূল্যের সংযোগ তার চুরির অভিযোগ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, "যারা এই তার চুরি করেছে, তারা সাধারণ চোর নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য পুলিশকে জানানো হয়েছে। আমরাও চুরি ঠেকাতে চেষ্টা করছি।"