সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:৪৫ পিএম
চন্দ্রগ্রহণের পর এবার ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রোববার। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ববাসী।বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী, রোববার রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে।
এর সর্বোচ্চ পর্যায় বা পূর্ণ আংশিক সূর্যগ্রহণ হবে রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। কারণ, এটি যখন সংঘটিত হবে, তখন বাংলাদেশে রাত থাকবে।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, ২১ সেপ্টেম্বর সংঘটিত এই আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫ এবং এর স্থায়িত্ব প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
তবে বাংলাদেশ থেকে দেখা না গেলেও নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকাসহ বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলে এটি দৃশ্যমান হবে।
উল্লেখ্য, এর মাত্র ১৪ দিন আগেই বিশ্ববাসী ৭ সেপ্টেম্বর এক চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছিল। অমাবস্যা তিথিতে ঘটতে যাওয়া আংশিক সূর্যগ্রহণের এই বিরল ঘটনার সাক্ষী হতে প্রস্তুত বিশ্ববাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন