রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রা‌মে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৫৫ পিএম

চট্টগ্রা‌মে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

ছবি - সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার রাতে এই ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি স্লুইসগেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

মঙ্গলবার রাতে বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার এই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।