মোস্তাফিজুর রহমান
সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৫৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সাবেক নমিনি ফারুক আলম সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মুক্তিনগর, ভরতখালী, গজারিয়া ও পদুমশহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, "বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব।" তিনি সবাইকে মিলে এই উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি আরও আশ্বাস দেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি নির্ভয়ে পূজা উদযাপনের অনুরোধ জানান।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজামণ্ডপ পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু, ঘূড়িদহ্ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ এবং ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তমসহ স্থানীয় নেতৃবৃন্দ।