সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টানা ৪০দিন জামায়াতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৮ শিশু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৪:৩০ পিএম

টানা ৪০দিন জামায়াতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৮ শিশু

ছবি - সংগৃহীত

শিশুদের মসজিদমুখী করতে এক দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। সেখানে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ার জন্য পুরস্কার পেয়েছে মোট ১৪৮ জন শিশু ও কিশোর।শুক্রবার কুলাসার একতা সংঘের আয়োজনে এবং প্রবাসী কল্যাণের সার্বিক সহযোগিতায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা।

পুরস্কারের মধ্যে ৮ জন বিজয়ী শিশু বাইসাইকেল পেয়েছে এবং বাকি ১৪০ জনকে ব্যাগ ও খাতা-কলম দেওয়া হয়েছে।আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম জানান, আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের ৮টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল তাদের মসজিদমুখী করা এবং নামাজের গুরুত্ব বোঝানো।এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে।

শর্ত ছিল, স্থানীয় শিশু-কিশোরদের ওই মসজিদে টানা ৪০ দিন ধারাবাহিকভাবে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে হবে।প্রতি ওয়াক্তে ইমাম সাহেব তাদের হাজিরা গণনা করতেন।চূড়ান্ত পর্বে ৮ জন বিজয়ী হয়, যারা ৪০ দিন জামায়াত মিস করেনি। এছাড়াও, ১০ জন প্রতিযোগী ৪০ দিনে মাত্র ১ ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল, তাদের জন্যও অন্য উপহারের ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন এই উদ্যোগের ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসল্লির উপস্থিতি ছিল। সবচেয়ে বড় কথা হলো, প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকরাও নিয়মিত নামাজ পড়তে আসতেন।

স্থানীয়রা জানান, এই আয়োজনের মাধ্যমে গ্রামের শিশুরা যাতে আল্লাহর হুকুম-আহকামসহ সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। তারা আশা করছেন, বিজয়ী শিশুদের মতো সমাজের আরও শিশুদেরকে প্রকৃত নামাজি ও চরিত্র গঠনের জন্য ভবিষ্যতে এমন উদ্যোগ আরও নেওয়া হবে।