অক্টোবর ৬, ২০২৫, ০৫:৪৩ পিএম
জুলাই অভ্যুত্থানের সময়কার এক হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অসুস্থতা এবং কারাগারে অপর্যাপ্ত চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, “আমাদের কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?”
সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে হাজির করে শাহবাগ থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি বলেন, “আমি অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থ। কিন্তু কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।” তিনি সম্প্রতি কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কথা উল্লেখ করে নিজের জীবনের শঙ্কার কথা জানান।
দীপু মনির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে বলেন, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তাকে জড়ানো হয়েছে এবং এর আগেও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দেখান, জুলাই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং মদদদাতাদের খুঁজে বের করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
দীপু মনির অসুস্থতার দাবির জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “তার গলার আওয়াজই প্রমাণ করে দেয় তিনি কতটুকু অসুস্থ।” উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন