রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুড়িগ্রামের যাত্রাপুরে দুধকুমর-ব্রহ্মপুত্রের ভাঙন, নিঃস্ব ৭০ পরিবার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ১০:৪১ পিএম

কুড়িগ্রামের যাত্রাপুরে দুধকুমর-ব্রহ্মপুত্রের ভাঙন, নিঃস্ব ৭০ পরিবার

ছবি-দিনাজপুর টিভি

অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের দুধকুমর, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি দ্রুতগতিতে বাড়ছে। ইতিমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমির বিভিন্ন মৌসুমি ফসল নিমজ্জিত হয়েছে এবং ১০টি পয়েন্টে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অনেক গ্রামীণ সড়কও তলিয়ে গেছে।

আজ রবিবার (৬ অক্টোবর) রাত থেকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, চড় যাত্রাপুর ও গারুহাড়া এলাকায় দুধকুমর ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে প্রায় ৭০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরও শত শত পরিবার।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেও ভাঙন রোধে কোনো সমাধান পাননি তারা। এই কারণে তারা ঘরবাড়ি ও পূর্বপুরুষদের কবরের ঠিকানা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।

যাত্রাপুর ইউনিয়নের চড় বানিয়াপাড়া এলাকার ছামছুল আলম বলেন, "একদিনেই দুধকুমর ও ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের গ্রামের ও পাশের গ্রামের প্রায় ৭০টি পরিবার হারিয়েছে তাদের বসতবাড়ি। এখনই ভাঙন রোধের ব্যবস্থা না নেওয়া হলে এই এলাকার কোনো চিহ্ন থাকবে না।"

কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে রবিবার রাত থেকে দুধকুমার ও ধরলার বেশ কিছু পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তিনি বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দুই দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।