রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবির সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটসের সমঝোতা চুক্তি

রকিবুল হাসান মুন্না

অক্টোবর ৭, ২০২৫, ১১:৩২ পিএম

বেরোবির সঙ্গে আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটসের সমঝোতা চুক্তি

ছবি-দিনাজপুর টিভি

কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ এবং গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের সঙ্গে আলফা গ্রুপ এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড-এর দুটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ফলে, বেরোবির শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগে একাডেমিক ও বেসরকারি খাতের মধ্যে একটি ফলপ্রসূ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আলফা গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, "উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের সমন্বিত প্রচেষ্টার যে ঘাটতি রয়েছে, এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে তা কিছুটা পূরণের সুযোগ তৈরি হবে।" তিনি আরও যোগ করেন, "আমাদের সাবেক শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক সহযোগিতা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আইকিউএসি পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।