রকিবুল হাসান মুন্না
অক্টোবর ৭, ২০২৫, ১১:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় নিপীড়নবিরোধী ছাত্রজোটের আয়োজনে "আবরার থেকে আবু সাঈদ" শীর্ষক এই সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, "আবরার ফাহাদ ও আবু সাঈদ একই চেতনার যোদ্ধা। তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। ভবিষ্যতে যেন আর কাউকে এমন পরিণতি বরণ করতে না হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেক তরুণকে দায়িত্ব নিতে হবে।"

বিশেষ অতিথি ড. মো. হারুন-অর-রশিদ বলেন, "আবরার ফাহাদ ও শহীদ আবু সাঈদ মৃত নন, তাঁদের চেতনা বেঁচে আছে নতুন প্রজন্মের মধ্যে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণেই আবরারকে প্রাণ দিতে হয়েছে, কিন্তু তাঁর রক্ত বৃথা যায়নি।" ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াস প্রামাণিকও তাঁর বক্তব্যে আবরারের চেতনার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "আবরারের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ তোলা। তিনি শুধু একটি নাম নন, জাতিকে জাগ্রত করা এক চেতনার প্রতীক।"
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ফেসবুকে ভারতবিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ছয় বছর পেরিয়ে গেলেও শহীদ আবরার ফাহাদের দেশপ্রেম ও সাহস আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।