অক্টোবর ৯, ২০২৫, ০২:১৮ পিএম
বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ দফা দাবিতে পার্বত্য জেলা বান্দরবানে আগামী ১৩ অক্টোবর, সোমবার, সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে একটি সংগঠন এই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার এবং তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অধিকার আদায়ের লক্ষ্যেই এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
সংগঠনটির ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে শাসনব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয় ও চাকরিতে রাজার সনদের প্রথা বাতিল করা, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতাল চলাকালে সরকারি অফিস-আদালত, অ্যাম্বুলেন্স, খাবারের ও ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং গণমাধ্যমের যানবাহন আওতামুক্ত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন