অক্টোবর ১১, ২০২৫, ১০:০৮ এএম
বর্ষার বিদায় লগ্নে আশ্বিনের শেষে এসে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। শনিবার (১১ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। এর সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ায় অনেকেই শীতের আমেজ উপভোগ করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টায় এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরেই ভোরে এবং সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। তবে আজ সকালে কুয়াশার ঘনত্ব ছিল অনেক বেশি। ঘুম থেকে উঠেই অনেকে ধোঁয়াটে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি দেখতে পান।
কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের এই আগাম আমেজে অনেকেই সকালে গরম চায়ের কাপে চুমুক দিয়ে বা কুয়াশার মধ্যে হাঁটতে বেরিয়ে সময় কাটাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, “গত কয়েকদিন ধরেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটি মূলত মৌসুমী বায়ু বিদায় নেওয়ার এবং শীতের আগমনের ইঙ্গিত। এখন থেকে এই অঞ্চলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন