রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৭টি দোকান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০১:১১ পিএম

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৭টি দোকান

ছবি - সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি, লাইব্রেরি, কাপড় ও জুতার দোকানসহ অন্তত ১৭টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন তাদের সবকিছু পুড়ে যাচ্ছে। তারা জানান, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। এই আগুনে তারা এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।” এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।