রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০২:৩২ পিএম

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি - সংগৃহীত

বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে, সকাল ১০টা থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। এর ফলে পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।দুপুরের দিকে পুলিশ শিক্ষকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে শিক্ষকরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন।

এরপরই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।সাউন্ড গ্রেনেডের শব্দের পর শিক্ষকরা সাময়িকভাবে আশপাশের গলিতে সরে গেলেও, কিছুক্ষণ পর তারা আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্তিপূর্ণভাবে ও ঐক্যবদ্ধভাবে অবস্থান ধরে রাখার জন্য নির্দেশ দিচ্ছেন।

ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।উল্লেখ্য, শিক্ষা উপদেষ্টার পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।