রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৫, ০২:১৪ পিএম

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি- সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। ট্রাকচাপায় এক কিশোরের মৃত্যুর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোর নিহত হয়। এই ঘটনার বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে আজ সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীরা এ সময় ‘সিফাত হত্যার বিচার চাই’, ‘নিরাপদ সড়ক চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবির মধ্যে আরও রয়েছে ফুটপাত দখলমুক্ত করা এবং ‘নো পার্কিং’ জোন কঠোরভাবে বাস্তবায়ন করা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এই অবরোধের ফলে ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার ও আসাদগেটগামী সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে।