সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতে যোগ দিলেন ৯১ বিএনপি নেতাকর্মী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ১০:৪৫ পিএম

জামায়াতে যোগ দিলেন  ৯১ বিএনপি নেতাকর্মী

ছবি - সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে দলবদলের ঘটনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘটনা ঘটছে। সর্বশেষ জেলার দামুড়হুদা উপজেলায় ৯১ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদার হাওলি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জানা গেছে, উপজেলার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এই ৯১ জন নেতাকর্মী জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হলেন।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই বিএনপি নেতাকর্মীরা দলত্যাগের এই সিদ্ধান্ত নেন। হাওলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং মাওলানা আবদুল খালেকের উপস্থাপনায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন। তিনি জামায়াতে যোগদানকারী নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন নবাগতদের উদ্দেশে বলেন, আপনারা যারা জামায়াতে যোগ দিলেন, তারা সর্বদা সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে চলবেন এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন থেকে বিরত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান এবং দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী।

জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাদিপুর স্কুলপাড়ার নূর ইসলাম, নজির আহমেদ, ইউনুস আলী, আবদুল হান্নান, সোহরাব হোসেন, আবদুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, বখতিয়ার হোসেন, আজিজুল হক, সাজিদুর রহমান, জাহাঙ্গীর, আকবার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল।

মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী এবং গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল, জামিরুল, বকুল ও রবগুল প্রমুখ। উল্লেখ্য, এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছিলেন। তারও আগে একযোগে চার শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদানের খবর পাওয়া গিয়েছিল।