অক্টোবর ২৫, ২০২৫, ০২:২১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, ছাত্রশিবিরের ভাইয়েরা এই দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন এবং তারা একদিন এই দেশকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, সেই স্বপ্নই আমরা দেখি, আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের একযোগে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস এম ফরহাদ বলেন, সবাই যদি যার যার জায়গা থেকে ‘আমি’ কেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে ‘আমরা’ হয়ে যেতে পারি, তাহলেই একটি চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, সেই বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ সকল পর্যায়ের দুর্নীতি, অপরাধ এবং দুঃশাসন থেকে মুক্ত হবে। ডাকসু জিএস ছাত্রশিবিরের প্রতি সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ধর্মীয় বিবেচনার বাইরে এসেও সকল মতের, একযোগে সবগুলো ক্যাম্পাসের এবং সব বয়সের শিক্ষার্থীরা আমাদের সমর্থন করেছেন।
তিনি দাবি করেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের গ্রাম পর্যায়ের স্কুলের শিক্ষার্থীরাও এখন শিবিরকে পছন্দ করছে এবং তাদের অভিভাবকরাও শিবিরকে গ্রহণ করছেন।এই ব্যাপক গ্রহণযোগ্যতাকে একটি ‘বড় আমানত’ হিসেবে উল্লেখ করে এস এম ফরহাদ বলেন, আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা, আমরা যেন তা যথাযথভাবে রাখতে পারি। আমাদের দ্বারা কোনো মানুষের প্রত্যাশার যেন খেয়ানত না হয় বা কোনো শিক্ষার্থীর যেন অকল্যাণ না হয়,
সেদিকে আমাদের সর্বোচ্চ লক্ষ রাখতে হবে। তিনি বলেন, ছাত্রশিবিরকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা যেভাবে গ্রহণ করেছে বা আস্থা রেখেছে, এই আস্থার প্রতিদান আমাদের অবশ্যই কর্মের মধ্য দিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা যদি কোথাও ভুল করি, ফেল করি বা ব্যর্থতার পরিচয় দেই, তবে সেটা হবে এই আমানতের চূড়ান্ত খেয়ানত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন