অক্টোবর ২৫, ২০২৫, ০৭:২৩ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোডাউনটি ঘিরে ফেলেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোডাউনটির মালিক ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সিহাব উদ্দিন। গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুদ ছিল।
এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন জানান, তিনি সম্প্রতি রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে অনুষ্ঠিত একটি নিলামের মাধ্যমে বৈধভাবে এই গুলির খোসাগুলো ক্রয় করেন। তিনি জানান, ৪০ টাকা কেজি দরে তিনি এই সাড়ে ১৩ টন খোসা কিনেছেন।
পুলিশ সুপার আরও নিশ্চিত করেন, কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, ব্যবসায়ীর ক্রয় প্রক্রিয়াটি বৈধ। নিলামে কেনা গুলির খোসা মজুদ করার কারণেই এই চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বিষয়টি পরিষ্কার হওয়ায় স্থানীয়দের উদ্বেগ কেটে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন