রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোনো দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৭:৪৭ পিএম

কোনো দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহীর পর্যটন মোটেলে দলের রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবদের সঙ্গে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, 'আগামীর সংসদে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে, তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না।'তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে জামায়াত বা বিএনপি কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তার মতে, দুর্নীতি-চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষের যে জনআকাঙ্ক্ষা, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না।

বিগত সময়ে বিএনপি ও জামায়াতের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সারজিস বলেন, বিএনপি কখনও এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি, আবার জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, সংসদে স্থিতিশীলতা আনা এবং অপশক্তির বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য এনসিপি ও তরুণ প্রজন্মের একটি বৃহৎ প্রতিনিধিত্ব থাকা জরুরি।

আগামী নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হতে চায় জানিয়ে সারজিস বলেন, 'আগামীর বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক।'

তিনি আরও বলেন, অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াইয়ে যারা ঐক্যবদ্ধ ছিলেন, সংসদে তাদের শক্তিশালী উপস্থিতি দরকার। তাই এনসিপি এখন সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর জোর দিচ্ছে এবং দেশব্যাপী কমিটি গঠনের কাজ চলছে।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে এবং 'শাপলা' প্রতীক না পেলে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।