রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছেলে জিকির করতে করতে মারা গেছে‍‍`: হাফেজ ত্বকীর বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০১:২৪ পিএম

ছেলে জিকির করতে করতে মারা গেছে‍‍`: হাফেজ ত্বকীর বাবা

আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল, সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি... ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।" – অশ্রুসজল নয়নে কথাগুলো বলছিলেন সদ্য প্রয়াত তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর বাবা মাওলানা বদিউল আলম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে ছেলের জানাজার নামাজের পূর্বে উপস্থিত হাজারো মানুষের সামনে সন্তানের শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এদিন সকালেই রাজধানীর মুগদা হাসপাতালে ইন্তেকাল করেন ২৫ বছর বয়সী এই তরুণ হাফেজ।বদিউল আলম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, "তখন আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, যদি আমার ছেলের হায়াত না থাকে, তাকে তুমি ইমানের সঙ্গে নিয়ে যাও।

তিনি বলেন, "আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমি জানি আমার ছেলে কেমন ছিল। ইসলামের নিয়ম অনুযায়ী সে জীবন-যাপন করেছে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি।" ছেলের লাশ কাঁধে নেওয়ার কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, তার লাশ আমি কাঁধে নিয়েছি, তাকে জান্নাতে পৌঁছে দেব বলে।"

মঙ্গলবার রাত ১০টায় ত্বকীর নিজ গ্রাম মুরাদনগরের ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ত্বকীর উস্তাদ শায়খ নেছার আহমদ আন-নাছিরী। পরে তাকে পারিবারিক কবরস্থান উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, হাফেজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

হাফেজ ত্বকী ঢাকার মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কৃত হন। মৃত্যুকালে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।