নভেম্বর ১, ২০২৫, ০৭:০৪ পিএম
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের নিজ নিজ প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছে।শনিবার (০১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’
শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এই নির্বাচনে যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। তিনি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় বসে থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় এবং সরকারকে বিব্রত করতে চায়।’ তিনি দৃঢ়তার সাথে বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া বা আন্দোলন চলছে এবং হয়তো চলবে, কিন্তু আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা (দাবি) পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
মডেল মসজিদ প্রকল্প প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে দেশব্যাপী ৩৫০টির মতো মসজিদ নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। যেসব মসজিদ এখনো হস্তান্তর করা হয়নি, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। তবে যেসব মসজিদের নির্মাণ কাজে ত্রুটিপূর্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করেছি।
এর আগে, জেলা প্রশাসন আয়োজিত 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ' শীর্ষক মূল আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন