নভেম্বর ১, ২০২৫, ০৯:২৭ পিএম
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) কর্তৃক আয়োজিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রার্থীরা। শনিবার (০১ নভেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে কয়েকশ প্রার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় আন্দোলনরত প্রার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তারা মুখ্য সচিবের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে 'আন্তর্জাতিক ব্যক্তিত্ব' হিসেবে উল্লেখ করে তার আশু হস্তক্ষেপ কামনা করেন। তারা দাবি জানান, আজ সন্ধ্যার মধ্যেই ৪৩ ও ৪৪তম বিসিএস থেকে অধিক হারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।
কর্মসূচি থেকে বিসিএস পরীক্ষার্থীরা তাদের তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অধিযাচনকৃত সকল পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করা; 'নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫' অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩তম, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করা; এবং ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ সম্পন্ন করা।
আন্দোলনকারীরা বলেন, নন-ক্যাডার বিধিমালা চূড়ান্ত না হওয়ায় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত খালি পদের অধিযাচন (রিকুইজিশন) থাকার পরেও তা বিসিএস ফলাফলে যুক্ত না করায় হাজার হাজার মেধাবী প্রার্থী বঞ্চিত হচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো পিএসসির কাছে জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ শাহবাগে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন