সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৭:৩১ পিএম

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা

ছবি-দিনাজপুর টিভি

নিম্নচাপের প্রভাবে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গত দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টির কারণে সরবরাহ কমার অজুহাতে হিলি বাজারে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিটি দোকানেই পেঁয়াজের সরবরাহ কম লক্ষ্য করা যাচ্ছে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা থেকে ৬৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রকারভেদে ৮০ টাকা থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা মিঠু হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "পেঁয়াজের কথা আর কী বলবো! দুই দিন আগেও বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ থেকে ৬৫ টাকা করে। কিন্তু এখন সেই পেঁয়াজ কিনতে এসে দাম শুনি ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি। এতে আমাদের মতো খেটে খাওয়া মানুষের তো খুব সমস্যা। আমরা দিন আনি দিন খাই।"

আরেক ক্রেতা ইয়াসিন আলী বলেন, "গত হাটেই পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৬০ টাকা দরে। দুই রাতের ব্যবধানে সেই পেঁয়াজ এখন ৮০ থেকে ৮৫ টাকা হয়ে গেছে। কেজিতে ২৫ টাকা বেড়ে গেছে।"বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, "বেশ কিছুদিন ধরে দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল। দাম ৬০ থেকে ৬৫ টাকার মধ্যেই ওঠানামা করেছিল। কিন্তু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত।"

তিনি দাম বাড়ার কারণ হিসেবে নিম্নচাপের ফলে হওয়া বৃষ্টিপাতকে দায়ী করেন। তিনি বলেন, "বৃষ্টির কারণে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ বাজারে আনতে পারছেন না। এতে মোকামে পেঁয়াজের আমদানি তেমন একটা নেই। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। আশপাশের অনেক জেলার পাইকাররা পাবনা মোকামে পেঁয়াজ কিনতে এলেও সেই তুলনায় সরবরাহ নেই।"