আগস্ট ১, ২০২৬, ১১:৪১ পিএম
দিনাজপুরের হিলি বাজারে দেশি কাঁচামরিচ ও দেশি পেঁয়াজের দামে ব্যাপক ওঠানামা করছে। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পাইকারি মোকামগুলোতে কৃষিপণ্যের সরবরাহ কমে যাওয়ায় এই দাম বেড়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। শুক্রবার বিকেলে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি দেশি কাঁচামরিচ ২৪০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের এই হঠাৎ দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় খেটে খাওয়া নিম্ন আয়ের অসংখ্য মানুষ।বাজারে কাঁচামরিচ কিনতে আসা পেশায় অটোরিকশাচালক আতাউর রহমান জানান, চার সদস্যের পরিবারে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা আয় হলেও বাজারের খরচ মেটাতেই তা ফুরিয়ে যাচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে তিনি জোর দাবি করেন।
অন্যদিকে হিলি স্থলবন্দরে কর্মরত দিনমজুর ইউসুফ আলী জানান, মাত্র দুই সপ্তাহ আগেও পেঁয়াজের কেজি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। প্রতিদিন বন্দর এলাকায় কাজ না থাকায় সংসার চালাতে বাধ্য হয়ে তাকে এখন ধারদেনা করে বাজার করতে হচ্ছে।ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে নিজেদের হতাশার কথা জানিয়েছেন।
কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, এক দিনের ব্যবধানে পাইকারি মোকামে কেজিতে ২০ টাকা দাম কমে যাওয়ায় আগের দিনের ২৬০ টাকার মরিচ এখন ২৪০ টাকায় বিক্রি হলেও ক্রেতার সংখ্যা কমে গেছে। পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, গত তিন দিন ধরে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও ক্রেতা সংকটে সারাদিনে দুই বস্তা পেঁয়াজ বিক্রি করাও বর্তমানে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।তবে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি শুরু হলে দেশি পেঁয়াজের দাম আরও কিছুটা কমে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন