মে ১৪, ২০২৬, ১১:২১ পিএম
দিনাজপুরের হিলিতে পড়াশোনা ও পরিবারের খরচ জোগাতে দুই বন্ধু মিলে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা হিলি বাজারে গড়ে তুলেছেন একটি সুস্বাদু আলু পরোটার দোকান। অল্প সময়েই তাদের তৈরি এই খাবারের সুনাম এখন পুরো এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। চমৎকার স্বাদের কারণে প্রতিদিন সন্ধ্যায় এই দোকানে শত শত ভোজনরসিক মানুষ ভিড় জমাচ্ছেন।
হিলি বাজারের খাদ্যগুদাম মোড় সংলগ্ন এলাকায় প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়া ছোট একটি দোকানে এই কার্যক্রম চলছে।প্রতিদিন সন্ধ্যায় এই দোকানের সামনে গেলে এক চিরচেনা কিন্তু ভিন্নরকম দৃশ্য চোখে পড়ে। গরম গরম সুস্বাদু আলু পরোটা খাওয়ার জন্য মানুষ দীর্ঘ সময় ধরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকেন।
প্রতিটি আলু পরোটা এখানে বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। পরোটার সঙ্গে ক্রেতাদের দেওয়া হয় নানা পদের সুস্বাদু ও মজাদার ভর্তা। বিক্রি ভালো হওয়ায় দুই তরুণ উদ্যোক্তা দারুণ খুশি এবং তারা ভবিষ্যতে এই দোকানটি আরও বড় পরিসরে খোলার পরিকল্পনা করছেন।
দোকানে খেতে আসা বেশ কয়েকজন স্থানীয় ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এখানে সবসময় মানুষের প্রচুর ভিড় থাকে। সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে হলে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কখনো কখনো অতিরিক্ত ভিড়ের কারণে আলু পরোটা না পেয়ে অনেককে আক্ষেপ নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। কম দাম আর উন্নত স্বাদের কারণে প্রতিদিন হিলির পাশাপাশি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সব বয়সী মানুষ ছুটে আসেন এই দোকানে।
উদ্যোক্তাদের একজন সিহাব জানান, তিনি এবার এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের ও পরিবারের আর্থিক দায়িত্ব ভাগ করে নিতেই বন্ধুকে সাথে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করেন। সেই ভাবনা থেকেই তারা আলু পরোটার দোকান চালু করেন। দিনে পড়াশোনা আর সন্ধ্যায় এই দোকানে সময় দেন দুই বন্ধু। এখান থেকে প্রতিদিন মাত্র ৩ ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ পিস আলু পরোটা বিক্রি হয়, যা থেকে হওয়া আয়ে তাদের পড়াশোনা ও সংসারের খরচ বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন