বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইবিতে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের বিপ্লব ও সংহতি দিবস পালন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৩:৩৩ পিএম

ইবিতে বিএনপিপন্থি শিক্ষক-শিক্ষার্থীদের বিপ্লব ও সংহতি দিবস পালন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান স্মরণে র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইবি থানা সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি জনতা। তিনি হুশিয়ারি দেন যে, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেকে নির্বাচন বানচাল করার জন্য তৎপরতা চালাচ্ছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “কোনো পিআর  হবে না, গণভোট হবে ভোটের দিনে।”

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ১৯৭৫-এর ৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়। ৭ নভেম্বরের সফল বিপ্লবের মাধ্যমে তিনি কারামুক্ত হন এবং সেদিন তিনি মুক্ত না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়ে যেত। তিনি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়েছিল। তিনি সবাইকে ঘোষিত সময়েই যেন নির্বাচন হয় সেজন্য সচেতন থাকতে হবে বলে আহবান জানান।

এদিকে, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান জাতীয়তাবাদী আদর্শের সবাইকে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অনলাইনে দুর্বল উপস্থিতির কারণে প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে। তিনি জিয়াউর রহমানের সময়কার গণভোটের সঙ্গে বর্তমান সময়ের হ্যাঁ/না ভোটের পার্থক্যের বিষয়টি জনগণকে বুঝিয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ছাত্রদল ও শিক্ষক-কর্মচারী সংগঠনের শতাধিক নেতাকর্মী।